(২৬ জানুয়ারী ২০১২) ফেনীর দাগনভূঞায় ইউছুপ আলী (৩০) নামে এক ভন্ডপীরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দাগনভূঞা পৌরসভার ফাজিলের ঘাট রোডের এনায়েত ম্যানশন থেকে তাকে আটক করে।
আটককৃত ইউছুপ আলী সিলেটে বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে ইকবালপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে।
দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) হিমাংশু কুমার দাস জানান, স্থানীয় লোকজনের সংঙ্গে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ ৬ মাস যাবত দাগনভূঞায় এনায়েত উল্যা ম্যানশনে পীরের নামে ভন্ডামী করে আসছিল।
এ ব্যাপারে দাগনভূঞার সদর ইউনিয়নের পূর্ব জগতপুর গ্রামের আবদুল ওহাবের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেছেন।
আনোয়ারা বেগম জানান, ভন্ডপীর ইউছুপ আলী তার ছেলে পাশ্ববর্তী সোনাগাজীর কুঠিরহাট বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ইসমাইল হোসেন সুমন (১৬) কে চিকিৎসার নামে হাত-পা বেঁধে নির্যাতন করে। এতে সুমন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
